বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মিরাজ ফকির (৪৬) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মিরাজ ফকির আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আগৈলঝাড়া থেকে ছোট ছোট যানবাহনে বিএনপির নেতাকর্মীরা গৌরনদীর কর্মসূচিতে আসছিলেন। পথিমধ্যে মিরাজ ফকির হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনীম নিশ্চিত করেন।
ডা. মুনীম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিরাজ ফকির হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।’
আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান জানান, ‘আমরা সকালে ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে অংশ নিতে আগৈলঝাড়া থেকে কয়েকটি ছোট যানবাহনে করে রওনা হয়েছিলাম। পথে বাকাল ইউনিয়নের ওয়ার্ড সভাপতি মিরাজ ফকির অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয় বিএনপি নেতারা মিরাজ ফকিরের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী কলেজ মসজিদ মাঠে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির একাংশের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।