মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আয়াতুল্লাহ ইসলামের স্মৃতি সংরক্ষণে সুনামগঞ্জের মধ্যনগর নদীর ওপর নির্মিত সেতুর স্থায়ী নাম ‘শহীদ আয়াতুল্লাহ সেতু’ করার দাবি জানিয়েছেন তার বাবা হাজী মো: সিরাজুল ইসলাম। একই সাথে সরকারি গেজেটের মাধ্যমে সেতুটির নাম অনুমোদন এবং নামফলকসহ ভিত্তিপ্রস্তর স্থাপনেরও আহ্বান জানিয়েছেন তিনি।

হাজী মো: সিরাজুল ইসলাম বলেন, ‘আমার ছেলে দেশকে ফ্যাসিবাদমুক্ত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন উৎসর্গ করেছে। তার স্মৃতি ধরে রাখতে সেতুটির স্থায়ী নাম যদি তার নামে রাখা হয়, তাহলে শুধু আমাদের পরিবার নয়, পুরো এলাকার মানুষ গর্ববোধ করবে।’

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট গাজীপুরের আনসার ক্যাম্পের সামনে ছাত্র-জনতার মিছিলে আনসার ও পুলিশের গুলিতে নিহত হন আয়াতুল্লাহ ইসলাম। পরে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে মধ্যনগর নদীর ওপর নির্মিত প্রায় ৩২০ মিটার দীর্ঘ সেতুর সামনে তার নামে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। ওই নামফলকের উদ্বোধন করেন শহীদের বাবা হাজী মো: সিরাজুল ইসলাম।

শহীদ আয়াতুল্লাহর পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তার স্মৃতি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা উচিত। এ লক্ষ্যে সরকারি গেজেটের মাধ্যমে সেতুটির স্থায়ী নাম ‘শহীদ আয়াতুল্লাহ সেতু’ ঘোষণা এবং নামফলকসংবলিত ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি জানান তারা।

এলাকাবাসীর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শহীদ আয়াতুল্লাহর আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং গণতন্ত্রের জন্য তার অবদান যথাযথভাবে মূল্যায়িত হবে।