নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের একটি আমবাগান থেকে আঁখি খাতুন (৩০) নামে এক গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের ওমরগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি খাতুন ওই গ্রামের হাসান আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির প্রায় ২০০ গজ পশ্চিমে একটি আমবাগানে ছাগল খুঁজতে যান আঁখির শাশুড়ি আনজেরা বেগম ও জা মাসুদা বেগম। সেখানে একটি আমগাছের ডালে আঁখিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ব্যাটারিচালিত ভ্যানে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। তবে পথেই তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে পুঠিয়া রাজবাড়ী এলাকা থেকে লাশটি আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।