কুমিল্লার চান্দিনায় এনজিওর পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় আসামি মো: শাওন হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।
অভিযুক্ত শাওন কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামের মো: সেলিম মিয়ার ছেলে বলে জানা গেছে।
এদিকে শাওনের তথ্যমতে ঘটনার মূল আসামি স্বপনের শ্বশুরবাড়ি চান্দিনার এতবারপুর গ্রাম থেকে একটি মোটরসাইকেল ও ইলেক্ট্রিক সকার উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন কুমার মণ্ডল জানান, ‘ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল আসামিরা। প্রযুক্তি ব্যবহার করে ঘটনার আটদিন পর শাওনকে আটক করা হয়। তিনি প্রাথমিকভাবে এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনা স্বীকার করেছেন। দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হয়।’
উল্লেখ্য, ১৭ মার্চ সন্ধ্যার পর কুমিল্লার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামে একটি এনজিওর পুরুষ ও নারী কর্মীকে আটক করে নির্যাতন করে কয়েকজন যুবক। এ সময় রাত ১১টা পর্যন্ত একটি নির্জন বাগানে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠে। এ সময় দু’জনকে ইলেক্ট্রিক মেশিন দিয়ে শক দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করে আহতদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনায় চারজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা করেন এনজিওর পুরুষ কর্মী তারেক রহমান।