ময়মনসিংহের নান্দাইলে দুই রাতে তিন কৃষকের আটটি গরু চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নান্দাইল পৌরসভার ঝালুয়া গ্রামের বাচ্চুর একটি ষাঁড় গরু ও একই এলাকার দিলু মিয়ার একটি গাভী ও বড় বাছুর চুরি হয়।

স্থানীয়রা জানায়, দু‘টি বাড়িতে চুরি শেষে চক্রটি আরো একটি বাড়িতে ঢোকার চেষ্টা করলে পরিবারের সদস্যরা সজাগ হয়ে ওঠেন। ধাওয়া দিলে চোরেরা দ্রুত কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে রাখা একটি কাভার্ডভ্যানে উঠে পালিয়ে যায়।

এর আগের রাত, শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামে শহিদ মিয়ার গোয়ালঘরের তালা কেটে একটি গর্ভবতী গাভী ও মাঝারি আকারের চারটি গরু চুরি করা হয়। ফজরের নামাজের জন্য ভোরে উঠে তিনি গোয়ালঘরের তালা ভাঙা এবং সব গরু উধাও দেখতে পান।

শহিদ মিয়া বলেন, ‘আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু শেষ হয়ে গেল।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, ‘শনিবার রাতের ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর সর্বশেষ চুরির ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ’