জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
শনিবার (২৮ জুন) ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন এ তথ্য জানান। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, এনবিআরকে ভেঙে দুই ভাগে বিভক্ত করা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
গত ২৫ তারিখ এক প্রেসনোটের মাধ্যমে জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করা না হলে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। তাদের এই আন্দোলনের কারণে সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
আমদানিও রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রফতানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে।
বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার জানান, ‘কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার সকাল থেকে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ সময়ে বেনাপোল বন্দর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো সে দেশে ফেরত যেতে পারবে বলে তিনি জানান।