সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনবপন্থায় পোশাকে লেপটিয়ে স্বর্ণ নিয়ে আসা পাচারকারী আলিম উদ্দিনের কাপড় পুড়িয়ে দুই কেজি ১৮৫ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে। যার বাজার মূল্য তিন কোটি টাকা। পরে ওই পাচারকারীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২৬ এপ্রিল) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠায় পুলিশ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা আব্দুল হালিম জানান, আটক আলিমের পোশাক পুড়িয়ে প্রযুক্তি ব্যবহার করে স্বর্ণ গালানো হয়। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ওই স্বর্ণ পৃথক করে তার পরিমাণ নিশ্চিত করা হয়। যেখানে ২ কেজি ১৮৫ গ্রাম স্বর্ণ ছিল।

এদিকে আটক পাচারকারীকে কারাগারে পাঠানো হয়েছে বলে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

উল্লেখ্য, শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরের কাপড়ে স্বর্ণ গলিয়ে লেপটে দিয়ে নিয়ে আসা এক পাচারকারীকে আটক করে পুলিশ। এ সময় তার পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ মোট আটটি কাপড়ে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। আটক আলিম উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।