নাটোরের লালপুরে মেরিনা (৫২) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীর পরকীয়ার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তার ছেলের। এ ঘটনার জেরে ওই ছেলে তার বাবার বিরুদ্ধে মামলা করেছেন।

শনিবার (১৭ মে) ভোরে উপজেলার রামানন্দপুর গ্রামে আত্মহত্যার এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় যার বিরুদ্ধে মামলা হয়েছে, তার নাম গোলাম রসুল বুদুর (৫৫)।

বুদু রামানন্দপুর গ্রামের মৃত হায়দার শেখের ছেলে এবং তার স্ত্রী মেরিনা একই গ্রামের মৃত মেছের উদ্দিন প্রামানিকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুলু ও মেরিনা দীর্ঘ ৩৫ বছর পূর্বে প্রেম করে বিয়ে করেন। বর্তমানে তাদের ঘরে ১ ছেলে ও ১ট মেয়ে রয়েছে। তাদের সন্তানরাও বিবাহিত। মায়ের মৃত্যুর অভিযোগে শনিবার দুপুরে ছেলে বুলবুল আহমেদ সোহাগ বাবার বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেছেন।

অভিযোগে সোহাগ জানান, শুক্রবার (১৬ মে) রাত ১১টার দিকে বাবা-মার চিৎকার চেঁচামেচি শুনে আমি তাদের সামনে যাই। আমার সামনে আমার মাকে আমার বাবা বেদম মারপিট করেন। আমি তাদের মধ্যে মীমাংসা করে দিয়ে আমার রুমে শুয়ে পড়ি। আজ শনিবার (১৭ মে) সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠে আমার মায়ের ঘরের দরজা খোলা দেখি। এ সময় মাকে না পেয়ে বাড়ির আশপাশ খোঁজাখুঁজি করি। পরে বাড়ির পেছনে একটি জাম্বুরার গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকা অবস্থায় মাকে দেখতে পাই। এ সময় আমার চিৎকার শুনে এলাকাবাসী আসলে তারা আমার মায়ের হাতে একটি চিরকুট পান। সেখানে তিনি মৃত্যুর জন্য আমার বাবা এবং একটি পরিবারকে দায়ী করেছেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের ছেলে মামলা দায়ের করেছেন।