সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৪ বছর। লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

শুক্রবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে মোগলাবাজার থানার সোনারগাঁও আবাসিক এলাকার কয়েস খানের কলোনির সামনে রেল লাইনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেসের ছাদে ওই যুবক লাফালাফি করছিলেন। এসময় অসাবধানতাবশত দুই বগির মধ্যখানে পড়ে যান এবং চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ওসি মো: আব্দুল কুদ্দুস বলেন, ‘লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।’