চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন। সিইউজে প্রচার-প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদুর রহমান সা’দী।
এ সময় সিইউজের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম, ছয় লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক শফিকুল আলম, মুজিবুল হক, কে মাহমুদ ফয়সাল, সিইউজের নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, রেজা মোজাম্মেল, আহমেদ মুসা, নয়ন বড়ুয়া জয়, আরফাত হোছাইন বিপ্লব, রুনা আনসারি, অ্যাডিশনাল পিপি মো: শরীফ, নিসচা চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, আইনজীবী মো: জমির উদ্দিন, সেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, অ্যাডভোকেট জিয়াউর রহমান, সাইফুর রহমান চৌধুরী, আব্দুল জব্বার সাকিল, চৌধুরী সিয়াম ইলাহি, ইমতিয়াজ উদ্দিন খান, জুবাইর উদ্দিন আরমান, হাছিন মাফরুদ জিয়াদ, এস এম মঈন উদ্দীন, সিফাতুল মুনতাহা ও জান্নাতুল ফেরদৌস সামিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, ‘দেশের আয়ের অন্যতম খাত পর্যটন। এ খাতে আয় বাড়াতে পর্যটন শহর কক্সবাজারের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এ মহাসড়ক অবশ্যই ছয় লেন করতে হবে। এটি শুধু চট্টগ্রামবাসীর দাবি নয়, পুরো দেশের দাবি। এ সড়কে দুর্ঘটনার পর দুর্ঘটনা হচ্ছে। প্রাণহানির ঘটনা ঘটছে নিয়মিত।’
তিনি আরো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এ সড়কটি এখনো প্রশস্ত হয়নি। পাশাপাশি এ সড়কে কিছু গাড়িচালক আছে বয়সে কম। তারা বেপরোয়া গাড়ি চালান। আমি হাইওয়ে পুলিশকে বলছি তারা যাতে আইন পকেটে না রেখে বাস্তবে প্রয়োগ করে।’