সিলেটে কিস্তিতে ঘুষ নেয়া সেই এসআই আলীম উদ্দিন ক্লোজড
এর আগে আলীম উদ্দিনের ঘুষ গ্রহণ ও আসামিপক্ষের সাথে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
স্থান
সিলেট
কিস্তিতে ঘুষ নেয়ার অভিযোগে সিলেটের বিশ্বনাথ থানার নিরস্ত্র সাব-ইন্সপেক্টর (এসআই) আলীম উদ্দিনকে ক্লোজ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ফয়সল আহমদ নামের এক ভুক্তভোগী বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) আলীম উদ্দিন (বিপি নং ৭৫৯৪০৪৫২৬৩)'র বিরুদ্ধে 'মামলায় সুবিধা প্রদানের প্রলোভন দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগ এনে' সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতেই ওই দিন তাকে (এস আই আলীম) ক্লোজ করা হয়।
এর আগে আলীম উদ্দিনের ঘুষ গ্রহণ ও আসামিপক্ষের সাথে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
জানা গেছে, গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলা (এফআই আর নং-২০)'র আসামিদেরকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলীম উদ্দিন আসামিপক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ নেন। আর ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র ফয়সল আহমদ। ঘুষ গ্রহণ করেও আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠান এসআই আলীম। পরবর্তিতে কাজ না হওয়ায় ভোক্তভোগী ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে এসআই আলীম উদ্দিন তাকে (ফয়সল) বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান।
এ ঘটনায় ফয়সল আহমদ মঙ্গলবার (১৮ মার্চ) সিলেটের পুলিশ সুপার বরাবরে এসআই আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। আর ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আলীম উদ্দিনকে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী।