যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে মঈন উদ্দিন (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে আশিক নামে এক চাচাতো ভাই। এ সময় জমির উদ্দিন (৫০) নামে আরো এক ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার ডাকাতিয়া নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মঈন উদ্দিন ওই গ্রামের মোহাম্মদ আজিজ মোল্লার ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত জমির উদ্দিনকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহত জমির উদ্দিনের ছেলে সাগর বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আমার বাবা জমির উদ্দিন ও চাচা মঈন উদ্দিনের সাথে কথা কাটাকাটি চলছিল আমার বাপের চাচাতো ভাই আশিকের সাথে। একপর্যায়ে আশিক আমাদের পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল করে।

এ সময় বাবা ও চাচা মিলে প্রতিবাদ করলে আশিক ধারালো অস্ত্র নিয়ে আমার বাবা জমির উদ্দিন ও চাচা মঈন উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে।

তিনি বলেন, আমরা বাবা ও চাচাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় চাচা মারা যান এবং বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।