সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দেলাওয়ার হোসেন বলেছেন, আমরা এমন একটি পরিবেশ চাই, যে পরিবেশে মানুষ স্বাধীনভাবে তার ভোট প্রদান করতে পারবে। তাদের মতামত দিয়ে তাদের নেতাকে তারা নির্বাচন করতে পারবে। জনগণের এই চাওয়া পূরণ করতে হলে নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল সেক্টরে সংস্কার করতে হবে।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার’ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে। এই ব্যবস্থার মাধ্যমেই ‘দিনের ভোট রাতে’ দেয়া হয়েছে। সুতরাং নির্বাচন ব্যবস্থা সংস্কার ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। দেশের মানুষ সংস্কারের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন চায়।’

রোববার (৮ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বিগত ১৬ বছরের রাজনৈতিক আন্দোলনের কথা স্মরণ করে বলেন, ‘এই সময়ে অনেক নেতাকর্মী শাহাদতবরণ করেছেন, আহত হয়েছেন এবং পঙ্গুত্ববরণ করেছেন।’

দীর্ঘ আন্দোলনের পরও ‘ফ্যাসিবাদী সরকারের পতন’ ঘটানো সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা আন্দোলনের মুখে ‘ফ্যাসিবাদী খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো’ এবং ‘নতুন করে স্বাধীনতা অর্জন হলো।’’

তিনি শহীদ পরিবারের আকুল আবেদন তুলে ধরে বলেন, ‘যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের হত্যার বিচার চান সেই শহীদ পরিবারের সদস্যরা। বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হলে, বিচারের আগেই যদি নির্বাচন হয়ে যায় তাহলে এই বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা ফিরে এসেছে, তাদের আবেদন শুনতে হবে।’

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ‘নির্বাচন দিবেন, তার আগে এখনো প্রায় বছর খানেকের মতো সময় আছে, এই সময়ের ভেতরে আপনারা মৌলিক সংস্কারগুলো শেষ করবেন ইনশাআল্লাহ। বিচার প্রক্রিয়া একটা পর্যায়ে নিয়ে যাবেন। এদেশের মানুষ যখন দেখবে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং এই রায়ে তাকে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে এসে এদেশের মানুষের সামনে যখন তাকে তার বিচার, তার ফাঁসির মঞ্চ রচনা হবে, সেই দিনে এদেশের মানুষ শান্তি পাবে, স্বস্তি পাবে এবং তারা মনে করবে এইবার আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র আমরা গঠন করতে যাচ্ছি।’

পথসভায় জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি আদিউল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিবগঞ্জ বাজার থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।