সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযানে পাথর ছুঁড়ে হামলা চালিয়ে পুলিশের দুইজন কর্মকর্তাকে আহত করার ঘটনায় তাৎক্ষণিকভাবে দু’জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ধলাই নদীর কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান দৈনিক নয়া দিগন্তকে জানান, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাতের নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় কলাবাড়িতে পাথরবোঝাই দু’টি নৌকা আটক করা হয়। এসময় কিছু শ্রমিক জড়ো হয়ে ঢিল ছুঁড়তে থাকে। তাদের ছোঁড়া ঢিলে কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার নিয়াজ মোহাম্মদ ও এএসআই সব্যসাচী আহত হন। পরে পুলিশের ফোর্স বাড়িয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয় এবং আটকদের নৌকা দু’টি ধ্বংস করা হয়। এ ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত নয়া দিগন্তকে বলেন, ‘আমরা বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। পাথরবোঝাই দু’টি নৌকা আটক করার সময় পাথর দিয়ে ঢিল ছুঁড়ে দুষ্কৃতকারীরা। এতে দু’জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।’