জামালপুরের ইসলামপুরে আব্দুর রহিম (৫০) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা হয়।

নিহত আব্দুর রহিম ইসলামপুর উপজেলার ১ নম্বর কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জিগাতলা গ্রামের দুইবারের ইউপি সদস্য। তিনি ওই গ্রামের তয়বুর খন্দকারের ছেলে বলে জানা গেছে।

কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, ‘আব্দুর রহিম ১ নম্বর ওয়ার্ড (জিগাতলা) থেকে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু দুর্বৃত্তরা কেন তাকে খুন করেছে এ নিয়ে রহস্য রয়ে গেছে। ইউপি সদস্য আব্দুর রহিমের খুনের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান জানান, রাত আনুমানিক দেড়টার দিকে খবর পেয়ে আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি বলেন, লাশের সুরতহাল শেষে নিহত ইউপি সদস্য আব্দুর রহমানের লাশ এখন ট্রলারযোগে থানায় নেয়া হচ্ছে।

উল্লেখ্য, এ নিয়ে যমুনার চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে দু’জন ইউপি সদস্য খুনের ঘটনা হয়েছে বলে জানা গেছে।