নোয়াখালীর সদর উপজেলার এক ১৭ বছর বয়সী তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকার একটি পতিতালয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে শুভজিৎ মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
রোববার সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা এবং চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শঙ্কর মণ্ডলের ছেলে শুভজিৎ মণ্ডলের সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে টেলিগ্রামে কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুভজিৎ বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৭ মে তাকে নোয়াখালী থেকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং পরে এক পতিতালয়ে বিক্রি করে দেয়। পতিতালয়ে থাকা আরেক মেয়ের সাহায্যে ভুক্তভোগী তরুণী তার পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা গত রোববার বিকেলে একটি সামাজিক সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী জুরাইন এলাকা থেকে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ভুক্তভোগী তরুণী পড়ালেখা ও চাকরির পাশাপাশি শুভজিৎ নামের ছেলেটির সাথে টেলিগ্রামে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে শুভজিৎ তাকে ঢাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং এক বন্ধুর কাছে দিয়ে দেয়। সেই বন্ধু তাকে পতিতালয়ে বিক্রি করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।