মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে নিজে আত্মহত্যার জন্য কীটনাশক খেয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করেছেন এক স্বামী। এই ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে।
গ্রেফতার সুজন মোল্লা (৪৩) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন। বর্তমানে চিকিৎসার জন্য তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতের নাম সেলিনা বেগম (৩৫)। তিনি আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার মোস্তফা হাওলাদারের মেয়ে। সুজন মোল্লা একই এলাকার হোসেন মোল্লার ছেলে ও পেশায় অটোরিকশাচালক। সুজন-সেলিনার সংসারে কোনো সন্তান নেই।
তিনি আরো জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটির একপর্যায়ে নিজে কীটনাশক পান করে স্ত্রীকে ধারাল দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করেন সুজন মোল্লা। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। দেড়টার দিকে দিঘীরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয় সুজন মোল্লাকে। সুজন জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি পারিবারিক বিরোধের কারণে সেলিনা বেগমকে কুপিয়ে হত্যা করেছেন এবং নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এবং আসামি সুজন মোল্লাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রাখা হয়েছে।