পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরো আট কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ নিয়ে মোট ২৬ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসাথে তাদের রূপপুর প্রকল্পে প্রবেশ নিষিদ্ধ করে গ্রিন সিটির সাইট কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রূপপুর প্রকল্পের কর্মরত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তা-কর্মচারী বলে জানা গেছে।
বুধবার (১৫ মে) এ আদেশ কার্যকরের কথা বলা হয়েছে। একইসাথে প্রত্যেককে ‘কারণ দর্শানোর’ নোটিশ দেয়া হয়েছে।
এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক (পিডি) ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো: জাহেদুল হাছান স্বাক্ষরিত গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ইমেইলে বরখাস্তের অফিস আদেশ পাঠানো হয়।
এছাড়া গত ৮ মে এনপিসিবিএল-এর দাফতরিক আদেশ তাদের ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপক ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিপ্লব ও শামীম আহমেদ, ঊর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক মো: মনির, সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, ঊর্ধ্বতন উপসহকারী ব্যবস্থাপক মোহাম্মদ হোসেনুজ্জামান খাঁন, সরকারি ব্যবস্থাপক মো: গোলাম আজম, টেকনিশিয়ান রিয়াজউদ্দিন ও মো: ইসমাইল হোসেন।
রূপপুর প্রকল্পের সাইট অফিস ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রূপপুরের আট কর্মকর্তা-কর্মচারীকে শৃঙ্খলা ভঙ্গ ও চাকরিবিধি লঙ্ঘনের দায়ে সাময়িক বরখাস্তের পর গ্রিনসিটি কার্যালয়ে সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিসেস বিভাগে সংযুক্ত করা হয়েছে।
তাদের ই-মেইল পাঠানো নোটিশে বলা হয়েছে, আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প সাইটে ও এনপিসিবিএল-এ শৃঙ্খলাবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন বা কর্তব্য অবহেলা করেছেন বা অসদাচরণ করেছেন বলে প্রতীয়মান হয়েছে বিধায় আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ ও ব্যক্তিগত শুনানির সুযোগ চান কিনা তা ১০-কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি সার্ভিস রেগুলেশন অনুযায়ী আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে ঈশ্বরদীর রূপপুরে কোম্পানির প্রায় এক হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারী ২৮ এপ্রিল আন্দোলন শুরু করেন। ৬ মে তারা ঈশ্বরদী শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। পর দিন ৭ মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কোম্পানির অফিসে তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। এতে এনপিসিবিএল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে চাকরিবিধি ও কোম্পানির আইন মেনে চলার চিঠি দেয়, তা না মানায় পর দিন ৮ মে কোম্পানির ১৮ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। একই ঘটনার দায়ে গত ১৪ মে থেকে আরো আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দু’দিনের বরখাস্ত হয়েছে ২৬ জন।