নাটোরের লালপুরে মুখোশধারী ডাকাতদল আইনজীবী ও নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছ।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে লালপুরের চকবাদেকুলপাড়া গ্রামে অ্যাডভোকেট সাধন কুমার দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে মুখোশধারী ডাকাত দল অ্যাডভোকেট সাধন কুমার দাসের বাড়িতে প্রবেশ করে তাকে বেঁধে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ডাকাতদলের ধারাল অস্ত্রের আঘাতে সাধন কুমার, তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানী (২৫) আহত হন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরিবারের সদস্যদের দাবি, এসময় তারা অস্ত্রের মুখে বন্দী করে নগদ তিন লাখ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।