নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানদের ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৭ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্রে জানা যায়, জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনী হকার্স মার্কেটে র্যাব-১১-এর একটি দল বাবলু প্যাকেজিংয়ের গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে রিপন প্যাকেজিং কারখানার মালিককে ছয় লাখ টাকা ও বাবলু প্যাকেজিংয়ের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে। অভিযানে রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল ও বাবলু প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১৩ হাজার ৯৭৯ কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফাহিম হাসান খান। অভিযানে আরো উপস্থিত ছিলেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু, পরিবেশ অধিদফতর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার প্রমুখ।