নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে নোবিপ্রবি প্রশাসনিক ভবনের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এ সময় নোবিপ্রবি প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান মো: হাফিজুর রহমান সর্দার, ডিজিএম স্বপ্না দাস চৌধুরী, এজিএম মাইজদি কোর্ট শাখা মো: শামসুল আলম উপস্থিত ছিলেন।
ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘আমরা যখন পূবালী ব্যাংকের কর্মকর্তাদের সাথে প্রাথমিক কথাবার্তা বলি তখন একটা বিষয় জেনে আমার খুব ভালো লেগেছে আর তা হলো এই ব্যাংকের অনলাইন ব্যাংকিং অর্থাৎ পাই ব্যাংকিংয়ের ক্ষেত্রে কোনো ফি দিতে হয় না। এটা আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়েছে। কারণ আমাদের ছাত্রছাত্রীরা যদি ফি না দিয়ে কোনো লেনদেন করতে পারে বিশেষ করে তাদের ভর্তি ফি, সেমিস্টার ফি ইত্যাদি প্রদানের ক্ষেত্রে তাহলে তাদের কিছুটা হলেও সাশ্রয় হবে।’
তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে যে এটিএম বুথ আছে তার পাশেই তারা তাদের ব্যাংকের একটি এটিএম বুথ করবে। ফলে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলেই অনলাইন লেনদেন শুরু করতে পারবে এবং এটিএম বুথ থেকে চাইলেই টাকা উত্তোলন করতে পারবে। আমি বিশ্বাস করি, এর মধ্য দিয়ে আমাদের এখানে যে আরেকটি ব্যাংক আছে তাদের মধ্যেও সেবা দেওয়ার প্রতিযোগিতা বাড়বে।’