চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ পাহাড়ি শিক্ষার্থীকে অপহরণের প্রতিবাদে ও কাউখালীতে শিক্ষার্থীকে ধর্ষণের বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থীরা।
রোববার (২০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি কুমার সমিত রায় জিমনেশিয়ামের সামনে সড়কে অবস্থান নিয়ে আদিবাসী শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভে অংশ নিয়ে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।
এর আগে, জিমনেশিয়াম মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের বনরূপা ঘুরে একইস্থানে এসে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নাগরিক সমাজের প্রতিনিধি ইন্টু মনি চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা, শিক্ষার্থী হিমেল চাকমা, প্রু হ্লা উ মারমা, মেরীন ত্রিপুরা, কবিতা চাকমা ও সুজন চাকমা ।
বক্তারা বলেন, পার্বত্য চুক্তির পরও চুক্তিবিরোধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করায় পাহাড়ে চাঁদাবাজী, সংঘাত ও অপহরণের মতো ঘটনা বন্ধ হচ্ছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অপহরণ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অপহৃত শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানান শিক্ষার্থীরা।
গত ১৬ এপ্রিল পাহাড়ের বিঝু উৎসবে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে খাগড়াছড়ি সদনে গিরিফুল জায়গা থেকে দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন পাহাড়ি শিক্ষার্থী।
এছাড়াও কাউখালীতে এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ করে এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।