ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পল্লীতে মাছের খামারের পানিতে গোসল করতে গিয়ে মো: তাওহীদ (৬) ও আফছা মণি (৫) নামে দু’ শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে।
তাওহীদ ওই গ্রামের মো: আনারুল হকের ছেলে এবং আফছা মণি মো: সামিউল হকের মেয়ে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘মঙ্গলবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে মাছের খামারের অল্প পানিতে নেমে তাওহীদ, আফছা মণি ও তাদের সমবয়সী সাওদা আক্তার গোসল করছিল। গোসলের একপর্যায়ে তাওহীদ ও আফছা মণি বেশি পানিতে গিয়ে ডুবে যায়। এ সময় সাওদার চিৎকারে পরিবারের লোকজন এসে দু’জনের লাশ উদ্ধার করেন।’
তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’ শিশুর পরিবার কারো বিরুদ্ধে অভিযোগ করেনি। ফলে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’