মৌলভীবাজারের কুলাউড়ায় আবাসিক হোটেল থেকে ফসিউল আলম (৭৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে আজাদ বোর্ডিং নামের আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফসিউল চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

জানা গেছে, রোববার সন্ধার পর থেকে ফসিউলের রুম থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙ্গে তাকে বিছানার নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছার জানান, ফসিউল প্রায় সময় শহরের স্টেশন রোডস্থ আজাদ বোর্ডিংয়ে ব্যবসায়ী পরিচয়ে রুম নিয়ে সেখানে থাকতেন। গত ৯ এপ্রিল থেকে তিনি ওই হোটেলের একটি রুমে অবস্থান করছিলেন।

তিনি আরো জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে ফসিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্ট্রোক করে ফসিউলের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।