পার্বত্য জেলা বান্দরবানে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালন করা হয়েছে।

আজ শনিবার সকালে শহরের রাজার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা এবং সাধারণ মানুষ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির যুগ্ম সম্পাদক কে এস মং মারমা।

এছাড়া বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাহমুদ, ডা. মং উষাথোয়াই মারমা, থোয়াইচা প্রু মাস্টারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ভূমির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে, বাদ্যযন্ত্রের তালে তালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটান। দিনব্যাপী আয়োজনে আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও অধিকার রক্ষার বার্তা তুলে ধরা হয়।