কিশোরগঞ্জ জেলা কারাগারের এক হাজতি হাসপাতালে মারা গেছেন। তার নাম সুজিত চন্দ্র দে (৪০)। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা হাজতির মৃত্যুর তথ্য নয়া দিগন্তকে নিশ্চিত করেন।

সুজিত চন্দ্র দে জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের মৃত বদির চন্দ্র দে’র ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মিঠামইন থানার মামলার আসামি। গত ৯ সেপ্টেম্বর ওই মামলা হয়। মিঠামইন থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত ১৮ ফেব্রুয়ারি তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে।

জেল সুপার জানান, ২ এপ্রিল দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন হাজতি সুজিত চন্দ্র দে। সাথে সাথে তাকে কারাগারের অ্যাম্বুলেন্সে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।