‘ফিলিস্তিনে মানবতার শত্রু ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’ জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে নৃশংস গণহত্যার মাধ্যমে ইসরাইলি দখলদাররা প্রমাণ করেছে তারা বিশ্ব মানবতার দুশমন।’

সোমবার (৭ এপ্রিল) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট প্রাঙ্গনে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরে বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘গাজা ও রাফায় ইসরাইলিদের নৃশংস গণহত্যা বিশ্বের কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। ইসরাইল একটি অভিশপ্ত জাতি, সন্ত্রাসী গোষ্ঠী। বিশ্ব মোড়লদের প্রত্যক্ষ মদদে তারা ফিলিস্তিনে জবর দখলের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। কিন্তু বিশ্ব মুসলিমের নিরবতার কারণে ইসরাইল দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। তারা মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গাজা ও রাফা শহরকে বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। বোমার আঘাতে ফিলিস্তিনি বনি আদমের ছিন্নভিন্ন দেহ আকাশে উড়ছে। যা মানবতার চরম বিপর্যয়। ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে। অন্যথায় বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিন রাষ্ট্র চিরতরে মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে একই সাথে বিশ্ব মুসলিমদেরকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গাজায় বোমা হামলা চালিয়ে হাজার হাজার নারী ও শিশু হত্যা বিশ্বের মুসলিমদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই। বিশ্বব্যাপী ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিতে হবে। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।’

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।