জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যার মাধ্যমে প্রমাণিত হয়েছে দখলদার ইসরাইল একটি বর্বর, সন্ত্রাসী রাষ্ট্র।
তিনি বলেন, গাজায় মানবিক বিপর্যয় ঘটলেও কথিত বিশ্বমোড়লরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। একইসাথে বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পবিত্র রমজানে গাজায় এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট প্রাঙ্গনে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইসরাইল জাতি একটি অভিশপ্ত জাতি, সন্ত্রাসী গোষ্ঠী। অথচ এই সন্ত্রাসী দেশের কোনো নিশানা ছিল না। তারা ফিলিস্তিনে জবর দখলের মাধ্যমে দেশ স্থাপন করেছে। ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজাকে তারা অবরুদ্ধ করে রেখেছে।
তিনি বলেন, রমজান মাসে গাজায় বোমা হামলা চালিয়ে হাজার হাজার নারী ও শিশু হত্যা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণের শামিল। আর বসে থাকার সুযোগ নেই। বিশ্বব্যাপী ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিতে হবে। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।
মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।
মিছিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, মোহাম্মদ আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, ক্বারী আলাউদ্দিন, রফিকুল ইসলাম, শাহেদ আলী ও নাজির আহমদ প্রমুখ।