লক্ষ্মীপুরের সদর উপজেলায় পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চর রমণীমোহন ও চর রুহিতা গ্রামে পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- চর রমনীমোহন ইউনিয়নের চর রমণী গ্রামের সাঈদুল খোকনের ছেলে ইয়াছিন আরাফাত (৪), একই এলাকার আব্দুল আসাদের ছেলে মো: আল-আমিন (৫) এবং সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের মো: সোহাগ হোসেনের কন্যা দেড় বছর বয়সী আলিফা আক্তার।

স্বজনদের বরাত দিয়ে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার চর রমণীমোহন এলাকায় ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা দু’জনই খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল নেয়ার পথে তারা মারা যায়। অপর নিহত আলিফা আক্তার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে আলিফা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার অরুপ পাল বলেন, পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাদেরকে মৃত অবস্থায় পেয়েছি। লাশগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।