ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার (৯ মে) রাতে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে নবীনগর-রাধিকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীনগর পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য বিল্লাল মিয়া (৪৭), উপজেলার শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২) ও লাউরফতেহপুর ইউনিয়নের আহমদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০)। এ ঘটনায় আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতুলী থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নবীনগরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় কনিকাড়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ইউপি সদস্য বিল্লাল মিয়াকে ঢাকায় নিলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমরা দু’জন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পেয়েছি। পরে আরো একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে নিহতের পরিবার থেকে এখনো কিছু জানায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় ব্যবহৃত যানবাহন দু’টি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।