সিলেট থেকে ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেসের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে চার কিলোমিটার দূরের বরমচাল স্টেশনে গিয়ে থামে ট্রেন। এসময় পেছনের ২টি বগি রয়ে যায় ভাটেরা স্টেশনে।
রোববার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
তিন ঘণ্টা পরে সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা ও চট্রগ্রাম রুটে সারাদেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। কুলাউড়া রেলওয়ে সেকশনের ভাটেরায় এই বগিগুলো বিচ্ছিন্ন হলেও বরমচাল স্টেশনে যাওয়ার পর বিষয়টি ধরা পড়ে। দীর্ঘ ৩ ঘণ্টা পর পুনরায় বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। তবে ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বরমচাল রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় দৈনিক নয়া দিগন্তকে জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে। পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগি গুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।