দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকসহ একাধিক ব্যক্তির ছবি এডিট করে অশ্লীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ছড়িয়ে দেয়ার অভিযোগে মির্জা সোবেদ আলী রাজা (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) ময়মনসিংহ জেলা পরিষদের সামনে থেকে পর্ণোগ্রাফি আইনের মামলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মির্জা সোবেদ আলী রাজা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইসলামপুর গ্রামের মরহুম আব্দুল হক মাস্টারের ছেলে। তিনি ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড এলাকায় বসবাস করতেন।
এর আগে গত ৮ এপ্রিল ভূক্তভোগী রেজাউল করিম রেজা বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মির্জা সোবেদ আলী রাজাসহ ৬ জনকে আসামি করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানান, পর্নোগ্রাফি আইনের মামলায় ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে প্রশাসন ও সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার করে আসছিলেন। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।