শনিবার সরকারি ছুটি থাকলেও বাজেট কার্যক্রম চলমান থাকায় কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত অন্য সকল দফতর খোলা রাখার নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড।

আজ শনিবার বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

ব্যবসায়ীরা জানান, সরকারি ছুটি থাকায় বেনাপোল কাস্টমস হাউসে ব্যবসায়ীদের উপস্থিতি না থাকলেও বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য অন্য দিনের মতো স্বাভাবিকভাবে চলছে। তবে বন্দরে লোড-আনলোড ও ব্যাংক বন্ধ থাকার কারণে কাস্টমস হাউজে কোনো ব্যবসায়ীদের উপস্থিতি দেখা যায়নি। কাস্টমস হাউসে ব্যবসায়ীদের উপস্থিতি না থাকায় কাস্টমস খোলা রেখে সরকারের কোন কাজে আসছে না।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, গত বুধবার উম্মে আয়মান কাশমী (দ্বিতীয় সচিব বোর্ড প্রশাসন-১) স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে জানানো হয়েছে যে, জাতীয় রাজস্ব বোর্ডে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট কার্যক্রম চলমান থাকায় আজ শনিবার ও আগামী শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত অন্য সকল দফতর খোলা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার জানান, শনিবার সরকারি ছুটির দিনে বন্দর খোলা রাখার কোনো নির্দেশনা আমরা পাইনি। তবে অন্য দিনের মতো আজ শনিবার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য অন্য দিনের মতো স্বাভাবিক আছে।