মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে একটি গ্রেনেড। পুলিশের ক্রাইম সিন সংরক্ষিত করে রেখেছে এই জায়গাটি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষ টিম এটা নিষ্ক্রিয় করার জন্য এলাকায় আসছেন বলে জানা গেছে।

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের একটি বাড়িতে পরিত্যক্ত জায়গায় গ্রেনেডটি দেখা যায়।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল গিয়ে এই এলাকা সংরক্ষিত করে রেখেছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বিশেষ টিম এলাকায় আসছেন।

গ্রামবাসী জানান, সোমবার সকালে এক নারী ওই জমিতে শিমের বীজ রোপণ করার জন্য মাটি খোঁড়েন। এ সময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সবাইকে জানান। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে। একইসাথে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। অনেক আগের এই গ্রেনেড। পাশে শমশেরনগর বিমানবন্দর রয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এটা ব্যবহার করে হামলা করে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসেছি। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে।