যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মতো বরিশালেও পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
আজ শনিবার সকাল ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে বরিশালের সর্ববৃহৎ ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী একাত্ম হয়ে ঈদের নামাজ আদায় করেন।
হেমায়েত উদ্দিন ঈদগাহে্র পাশাপাশি নগরীর জেলা পুলিশ লাইন্স জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ এবং গির্জা মহল্লার জামে কশাই মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ্ ময়দানে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
হেমায়েত উদ্দিন ঈদগাহ্ ময়দানের প্রধান জামাতে বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওছার এবং জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন নামাজ আদায় করেন। নামাজের আগে তারা উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এই জামাতে অংশগ্রহণ করেন।
ঈদ জামাত পরবর্তী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া-মোনাজাত করেন। ঈদের এই দিনে সকলে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দ ভাগ করে নেন।