দেশে ইলিশের ৬৬ ভাগ উৎপাদন হয় বরিশালে এমন মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘বরিশাল বিভাগে মোট ইলিশের ৬৫.৮৮ ভাগ উৎপাদন হয়ে থাকে। আপনারা যদি জাটকা না ধরার বিষয়টি নিশ্চিত করতে পারেন তাহলে ওই জাটকা ইলিশে পরিণত হবে। পরে জাল ফেললেই ইলিশে ভরে ওঠবে। অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হয়ে উঠব আমরা।’

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বরিশাল বেলস পার্কে ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগের কয়েক হাজার জেলেদের উপস্থিতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমরা একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের জন্য ইতোমধ্যে আর্থিকপ্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাংক বাস্তবায়ন হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে রক্ষা পাবে বলে আশা করছি।’

কর্মসূচি উদ্বোধনের পর কীর্তনখোলা নদীতে জাটকা সংরক্ষণে সচেতনতা আনতে এক নৌ-র‌্যালি করা হয়। এ সময় মৎস্য উপদেষ্টার নেতৃত্বে মৎস্য বিভাগ, মৎস্য বিজ্ঞানী, পুলিশ, জেলা ও বিভাগীয় কর্মকর্তাসহ মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

এদিকে সমাবেশে মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতাদের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরা হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নিষিদ্ধ বেহুন্দি ও পাইজালসহ অবৈধ জালের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ, সর্বাধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র চালু, দ্রুততম সময়ে মৎস্য ব্যাংক স্থাপন, বরিশালে মৎস্য অবতরণ কেন্দ্রের আধুনিকায়ন, মৎস্যজীবীদের বীমা ব্যবস্থা চালু, চাল বিতরণে অনিয়ম রোধ।

এছাড়া অতীতে জেলেদের তালিকা প্রণয়ন সঠিকভাবে হয়নি বলে উপদেষ্টাকে জানান বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার। এ সময় তিনি জেলেদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার লক্ষ্যে ভাসমান স্বাস্থ্যকেন্দ্র ও নৌ অ্যাম্বুলেন্স দেয়ার দাবি জানান।

মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো: আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদফতর বরিশাল বিভাগের উপ-পরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস।

এ সময় আরো বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার শরীফ উদ্দিন, মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ক্ষুদ্র ও মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরাইল প্রমুখ।