বগুড়ার জিয়াউর রহমান শিশু হাসপাতাল চত্বরে প্রতিবছরের ন্যায় এবারও পথচারী নারী-পুরুষ, রিকশাচালক, এতিম ও দুস্থ মানুষরা নিয়মিত ইফতার করেন।
শহরের দত্তবাড়ি এলাকায় অবস্থিত জিয়াউর রহমান শিশু হাসপাতাল চত্বরে বিকেল থেকে সারিবদ্ধভাবে বসেন শত শত মানুষ। তাদের কেউ কেউ স্কুলছাত্র, কেউ ব্যবসায়ী, এতিম, ভিক্ষুক আবার অনেকেই ভ্যান ও রিকশা চালক। তারা মসজিদের সাইরেনের আওয়াজ শুনে একসাথে ইফতার করেন।
জানা যায়, প্রতিদিন প্রায় ৫ শ’র বেশি মানুষ এখানে ইফতারে শরীক হন। ইফতারের উপস্থিতি বিগত বছরগুলো থেকে অনেক বেড়েছে।
বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর সাংবাদিক কালাম আজাদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতাল চত্বরে প্রতিবছর এই ইফতার কার্যক্রম চলে আসছে। ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে।’
জিয়াউর রহমান শিশু হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল জানান, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। সমাজের নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা যেন ইফতার থেকে বঞ্চিত না হন, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।