এক সিঙ্গারার ওজন চার কেজি। অবিশ্বাস্য হলেও এমন সিঙ্গারা বানিয়েছেন পাঁচ বন্ধু। তবে তা ছিল শখের বসে। বিশালাকৃতির এ শিঙ্গারা দেখতে দোকনে ছুটে এসেছেন উৎসুক মানুষজন।

রোববার (২০ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আহুতিয়া পুরাতন বাজারে স্বপন মিয়ার হোটেলে এমন কাণ্ড ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের মোফাজ্জল, অন্তর, মিজান, টুটুল ও দিদার এ পাঁচ বন্ধু মিলে বিশালাকৃতির এ সিঙ্গারা বানানোর পরিকল্পনা করেন। পরে তারা মায়ের দোয়া হোটেলের মালিক স্বপন মিয়ার কাছে তাদের পরিকল্পনার কথা জানান। তারা সবাই ওই হোটেলের নিয়মিত ক্রেতা। পরে তাদের অনুরোধে বানানো হয় চার কেজি ওজনের দুটি সিঙ্গারা।

রোববার দিনব্যাপী চলে এ সিঙ্গারা বানানোর আয়োজন। উপাদান হিসেবে প্রস্তুত করা হয় ৪ কেজি মুরগীর গোশত, পরিমাণ মতো আলু, গাজর, বাদাম, আটা, ময়দা ও বিভিন্ন জাতের মসলা।

পরে বিকেলে শুরু হয় মূল আয়োজন। সিঙ্গারা তেলে ছাড়ার সময় হোটেলটিতে ভিড় করে আশপাশের উৎসুক জনতা। প্রতিটি সিঙ্গারা বানাতে তাদের খরচ পড়েছে দেড় হাজার টাকা।

সিঙ্গারা তৈরির অন্যতম পরিকল্পনাকারী মোফাচ্ছাল জানান, ‘বন্ধুরা মিলে একটু ব্যাতিক্রম চিন্তা-ভাবনা থেকেই এ সুস্বাদু সিঙ্গারা বানানোর আয়োজন করি। আর এতে অনেক উপাদান দেয়া হয়েছে, তাই এটি খেতেও খুব মজা হয়েছে।’

উৎসুক জনতার একজন ব্যাবসায়ী আবুল কালাম আজাদ জানান, ‘এত বড় সিঙ্গারা জীবনে কখনো দেখিনি। তাই কিভাবে বানাচ্ছে তা দেখতে আসলাম।’