প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের (রাবি) মূল ফটকে এ প্রতিবাদ মিছিল করেন রাবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মানববন্ধনে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, ‘বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে যাওয়ার পরও এখনো ছাত্রদল নেতাদের নিরাপত্তা নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এটি একটি পরিকল্পিত হত্যা। এরা সবাই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে হত্যার খেলায় নেমেছে। পারভেজ হত্যার কারণে যে তিনজনকেই গ্রেফতার করা হয়েছে আমরা শুধু সে তিনজন নয় সবারই বিচার চাই।’

এ সময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সারাদেশের মানুষের যে স্পিরিট তৈরি হয়েছিল, সে স্পিরিটকে একটি কুচক্রী মহল ধ্বংস করার পাঁয়তারা করছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে ছাত্রসংগঠনটি গত ১৭ বছর লড়ে গিয়েছিল, সে ছাত্রসংগঠনের একজন নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমরা সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’

প্রতিবাদ মিছিলে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’