পিরোজপুরের কাউখালীতে মৎস্য অধিদফতর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার পিস রেণু পোনা উদ্ধার। এবং দুই হাজার মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চিরাপাড়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা অবৈধ বেড়জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসাথে জীবিত রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী নদী ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ও রেণু পোনা আহরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘রেণু পোনা নিধন ও অবৈধ বেড়জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে নৌ পুলিশকে সাথে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা রেণু পোনা নদীতে অবমুক্ত করায় মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’
উপজেলা মৎস্য অধিদফতর জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ আহরণ বন্ধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।