বগুড়ায় বিষাক্ত অ্যালকোহল পানে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।

শনিবার (২৯ মার্চ) রাতে সনি রায় নামে এক যুবক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে শুক্রবার রাতে আওরঙ্গজেব ও রাসেল নামে দুজনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় চারজন একসাথে অ্যালকোহল পান করেন। এর পরের দিন থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। চারজনের মধ্যে এনামুল হক পিলু নামে আরোকজন মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সনি রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই লালন হোসেন।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বিকেলে আওরঙ্গজেব শহরের বগুড়া শহরের ১ নম্বর রেলগেট থেকে তিনটি প্লাস্টিকের বোতলে অ্যালকোহল কিনে আনেন। ওইদিন সন্ধ্যায় চারজন একসাথে অ্যালকোহল পান করে রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালে চিকিৎসাধীন এনামুল হক পিলু জানান, ‘বৃহস্পতিবার রাতে অ্যালকোহলের বোতল কিনে নিয়ে আসে চিন্টু। সেটা আমরা চারজন মিলে খাই। খাওয়ার এক দিন পর পাতলা পায়খানা শুরু হয়, সাথে শ্বাসকষ্টও ছিল।’

এনামুলের ভাই এমদাদ হোসেন জানান, ‘এনামুল কাপড়ের ব্যবসা করে। সে মদ খেত আমরা জানি। তার সাথে আওরঙ্গজেব ও রাসেল মারা গেছে। এরপর সনি নামে আরেকজন মারা গেছে।’

এ ব্যাপারে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মইন উদ্দিন বলেন, ‘মদপানে মৃত্যুর খবর পেয়ে দু’জনের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তারা আগেই মৃতদের দাফন করেছেন।’