লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
তাজিয়া বেগম উপজেলার কালুপুর এলাকার স্থানীয় এবায়েদুল্লাহ কারী সাহেবের বাড়ির বাসিন্দা আব্দুল মন্নানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবদুল মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে এসে তিনি দেখেন রান্না ঘরে তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আবদুল মান্নানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাজিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কে বা কারা কী কারণে তাজিয়ে বেগমকে হত্যা করেছেন তা এখনো জানা যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।