জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ভাতিজা কাজী মো: নাহিদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। বিগত সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে আমরা যারা শরীক দল ছিলাম, সরকার গঠনের দীর্ঘ ৫ মাস পর কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সকলকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা জোট নেতারা ওনাকে অভিনন্দন জানিয়েছি। প্রধানমন্ত্রী এ সময় বলেছেন, নির্বাচনে আগে জনগণের সামনে ৩১ দফা সংস্কারের যে ওয়াদা তিনি করেছিলেন, অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সবগুলো বাস্তবায়ন করবেন। বিগত ৫ মাসে প্রধানমন্ত্রী যেভাবে সরকার পরিচালনা করছেন, তাতে দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অগ্রগতি হবে বলে আমি আশাবাদী।

কাজী নাহিদ বলেন, সরকারের সমালোচনা করার এখনো সময় আসেনি। যদি সরকার কোনো কাজে ভুল করে থাকে তাহলে আমরা অবশ্যই সরকারের সমালোচনা করবো। জোট নেতারা বিশ্বাস করেন, দেশের উন্নয়নে তারেক রহমানকে সময় দেয়া উচিত।

বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা দিবালোকের মতো পরিষ্কার যে, প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে যেভাবে কাজ করছেন, সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ৩১ দফা সংস্কার বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। যদি কোনো দফায় সংস্কার করা প্রয়োজন হয়, তাহলে সেটিও করা যাবে।

কাজী নাহিদ আরো বলেন, বর্তমান সরকার যখন ক্ষমতা নিয়েছে, তখন একদিকে ইরান যুদ্ধ সংঘটিত হয় এবং বাংলাদেশে সরকারের পট-পরিবর্তনের মধ্য দিয়ে যে ঘাটতি দেখা দিয়েছিল, সেটিকে অতিক্রম করার জন্য বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে প্রাণপন চেষ্টা করছে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার সফলতার জন্য অভিনন্দন জানাই।

উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, গুণবতী ইউনিয়ন আহ্বায়ক জাকির হোসেন জিগির, সদস্য সচিব জানে আলম দোভাষী, সদস্য সাইফুল ইসলাম, আলকরা ইউনিয়ন আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, কনকাপৈত ইউনিয়ন আহ্বায়ক জাফর আহমেদ ভুঁইয়া, সদস্য সচিব বাহার উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউনিয়ন আহ্বায়ক আবদুল মালেক, সদস্য সচিব নুর হোসেন, জাপা নেতা নবী হোসেন, জাকির হোসেন, আবদুল লতিফ, সোলেমান মুন্সি, বাতিসা ইউনিয়ন সাধারণ সম্পাদক আতাউর রহমান রিপন, জাপা নেতা আবদুল মালেক, আবুল কাশেম, উপজেলা যুব সংহতির নেতা মিজানুর রহমান, আবদুল হক, উপজেলা ছাত্রসমাজের নেতা আতাউর রহমান, সাকিব হোসেন, নুর নবী, মোস্তফা প্রমুখ।