শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ফেনীতে নানা আয়োজনে উদযাপন হচ্ছে।
আজ শনিবার সকালে শহরের রাজবাড়ি প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন কল্যাণ ফ্রন্ট। শোভাযাত্রাটি ট্রাংক রোডের খেজুর চত্ত্বর, দোয়েল চত্ত্বর, মডেল থানা প্রাঙ্গন সহ প্রধান সড়ক প্রদক্ষিন করে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সমীর কর, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তপন কর প্রমুখ অংশ নেন।
অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী বলেন, শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন তখন পৃথিবীতে জনজীবন বিপর্যস্ত। তিনি জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকলকে উন্নত জীবনে নিয়ে আসার প্রচেষ্টা চালান। পরবর্তীতে শান্তির সুবাতাস বয়ে আসে। যখনি পৃথিবীতে কোন অন্যায়-অবিচার হয় সেইসময়ে শ্রীকৃষ্ণের আর্বিভাব হয়। পৃথিবী এবং দেশ নবরুপে রুপায়িত হয়।
এদিকে একইদিন দুপুরে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট দিলিপ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা ও সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।