অপহরণের এক মাস চার দিন পর যশোর শহরের শংকরপুর ইসহক সড়কের ব্যবসায়ী রেজাউল ইসলামের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার বিকেল চারটায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ একসরা গ্রামে সবুজের শ্বশুর বাড়ির পাশের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, আসামি সবুজ ও রিপন যশোর শহরেই রেজাউলকে হত্যা করে। পরে তার লাশ বস্তাবন্দি করে ইজিবাইকে কিছু দূর নিয়ে যায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে এবং সর্বশেষ বাসে করে সাতক্ষীরায় পাঠায়। সবুজ লাশটি তার শ্বশুর বাড়ির পাশে একটি বাগানে পুঁতে রাখে। কয়েকদিন পর বিষয়টি জানতে পেরে সবুজের শ্বশুর খোকন মোল্লা লাশ উত্তোলন করে পাশের আরেকটি বাগানে পুনরায় পুঁতে রাখেন। পুলিশ রোববার দুপুরে ওই বাগান থেকে রেজাউলের লাশ উদ্ধার এবং সবুজের শ্বশুর খোকন মোল্লাকে আটক করে।