বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। ইনসাফভিত্তিক সমাজ ও মানবিক বাংলাদেশ গঠনে সংগঠনে সর্বস্তরের দায়িত্বশীলদের দাঈ ইলাল্লাহর গুণাবলি অর্জন করতে হবে। ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের সাধারণ মানুষের সাথে সম্পর্ক আরো গভীর করতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি নিজেদের চারিত্রিক গুণাবলি ও নৈতিক মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে। একইসাথে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১৪ আগস্ট) সিলেট মহানগর জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় শিক্ষাশিবিরে দারসুল কোরআন পেশ করেন মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন। শিক্ষাশিবিরে দায়িত্বশীলদের জনসম্পৃক্ততা বৃদ্ধি, চারিত্রিক গুণাবলি অর্জন এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, দুনিয়ার জীবনে সফলতা-ব্যর্থতা উভয়ই আসতে পারে। ইসলামী আন্দোলনের পথেও নানা প্রতিকূলতা, পরীক্ষা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য, দৃঢ়তা ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে দায়িত্বশীলদের এগিয়ে যেতে হবে। সফলতায় অহংকার না করে শুকরিয়া এবং ব্যর্থতায় হতাশ না হয়ে আত্মসমালোচনা ও সংশোধনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। দ্বীনের পথে ত্যাগ, ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কাঙ্ক্ষিত সফলতা লাভ সম্ভব।
তিনি বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। প্রতিটি দায়িত্বশীলকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের কল্যাণে অবদান রাখতে হবে।
দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো: আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। এ ছাড়া মহানগরীর সকল থানা আমির-সেক্রেটারিগণ বক্তব্য রাখেন।
শিক্ষাশিবিরে মহানগরীর আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিগণ অংশ নেন।