কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ছয় লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে পর্যটন নগরী কুয়াকাটায় একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে কুয়াকাটা পৌরসভার সামনে পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ভাঙ্গা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত সংকীর্ণ এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়িতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ। মহাসড়কটি প্রশস্ত না বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙ্গা থেকে কুয়াকাটা পৌঁছাতে ছয় ঘণ্টারও বেশি সময় লাগে। পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারছে না। পাশাপাশি কুয়াকাটা আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণের অংশ হিসেবে ছয় লেন রাস্তাটি দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে।
বক্তারা আরো বলেন, চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে যার একটি পর্যটন নগরী কুয়াকাটায় করার জন্য জোর দাবি জানাই। দেশের বিভিন্ন জায়গা থেকে কুয়াকাটায় ভ্রমণে এলে চিকিৎসা সেবায় ক্ষোভ নিয়ে প্রতিনিয়ত গন্তব্য ফিরছেন পর্যটকরা। তাই পর্যটকদের যথাযথ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিশেষায়িত একটি হাসপাতাল কুয়াকাটায় নির্মাণের দাবি করেন।
এ সময় বরিশাল চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির বিভিন্ন স্তরের পেশাজীবী ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।