ঢাকার আশুলিয়ায় একটি বাড়ির কক্ষে লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একটি দ্বিতল ভবন ধ্বসে পড়ে এবং আগুন ধরে যায়। এ ঘটনায় দ্বগ্ধ হয়েছেন অন্তত ছয়জন বাসিন্দা। তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মণ্ডল মার্কেট সংলগ্ন জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দু’জন আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ওই বাড়ির কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে ছিল। সকালে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ভবনটি ধসে পরে ও অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এই আগুনে অন্তত ছয়জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।

ধসে পড়া বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে লিকেজ ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় সারা রাত গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ি ধ্বসে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শব্দের কারণে পাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গেছে। এখানে ফায়ার সার্ভিস ও পুলিশ এসেছিলেন। তারা তদন্ত করছেন।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।