সিলেটের জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্ত দিয়ে আরো ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করেছে। এ নিয়ে গত দেড় মাসে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে ভারতীয় নাগরিক ও রোহিঙ্গা জনগোষ্ঠীও রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) আনুমানিক ভোর ৫টার সময় বিএসএফ ৪ ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবর্তী জৈন্তাপুর কেন্দ্রী গ্রামে ১৯ জন নারীপুরুষ ও শিশুকে পুশইন করে বাংলাদেশে পাঠানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং ইতোপূর্বে অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে গমন করেছিলো বলে জানায়।

আটকদের মধ্যে ৩টি পরিবারে মোট ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ শিশু রয়েছে। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম বলে নিশ্চিত করেছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৯ জন নাগরিককে আটকের বিষয়টি মঙ্গলবার দুপুরে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।