বান্দরবানের লামা চকরিয়া সড়কে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারী শিশুসহ ২৫ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সড়কের মিরিঞ্জা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বাসটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকা থেকে পর্যটক নিয়ে বান্দরবানের লামায় যাচ্ছিল। পথে পাহাড়ি ঢালু রাস্তায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে এটি গাছের সাথে ধাক্কা লাগে।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন ফজল আহাম্মদ (৪৩), চালক লিটন দাস ( ৪৩), হেলাল উদ্দিন (৩৫), বাসের সহকারী মো: আমজাদ (৩৩), নিজামুদ্দিন (৫৮), ফাহাদ (৩৮), তারিন (৭), শাহজাদা (৩২), নাজাত সিদ্দিকা (২৪)।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তোফাজ্জল হোসেন জানান, ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত এক শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।